গত সপ্তাহের পর শনিবার আবারও ফ্রান্সে শুরু হয়েছে বিক্ষোভ কর্মসূচি। স্কুলগুলির জন্য তহবিল ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং নাগরিক পরিষেবার বেহাল দশা নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে ফ্রান্সের সাধারণ জনতার মনে। তার প্রতিবাদে শনিবার রাজধানী প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে জমায়েত হতে শুরু করেন বিক্ষোভকারীরা। গত সপ্তাহের বিক্ষোভ চলাকালে বেশ কিছু গোলমাল এবং লুটপাটের অভিযোগও উঠে এসেছিল। তার জেরে শনিবার শুরু থেকেই সজাগ ছিল ফ্রান্সের প্রশাসন। বিক্ষোভকারীদের সামাল দিতে মোতায়েন করা হয় ৭০ হাজার পুলিশ। প্যারিসে বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন মেট্রো স্টেশনও।

বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে থেকেই জায়গায় জায়গায় পুলিশি অভিযান শুরু হয়। চলে ধরপাকড়ও। স্থানীয় সময় শনিবার দুপুরের আগেই ফ্রান্সে গ্রেফতার হন অন্তত ১৩৫ জন বিক্ষোভকারী। তাঁদের মধ্যে অনেককেই আটক করা হয় পুলিশের আগাম তল্লাশির সময়। এ দিন বিক্ষোভ কর্মসূচির জেরে মধ্য প্যারিসে দৃশ্যত এক অঘোষিত লকডাউনের পরিস্থিতি তৈরি হয়। বন্ধ করে দেওয়া হয় দোকানপাট। জাদুঘরও বন্ধ থাকে। প্যারিসের অন্তত ২০টি মেট্রো স্টেশন শনিবার বন্ধ করে রাখা হয়।
এ দিনের কর্মসূচির জন্য ফ্রান্সজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। যা গত সপ্তাহের চেয়ে প্রায় ১০ হাজার বেশি। মূল প্রতিবাদ মিছিলটি আয়োজিত হয় প্যারিসে। আইনি টানাপোড়েনের পর অবশেষে পুলিশের প্রস্তাবমতো মিছিলের পথ পরিবর্তন করতে রাজি হন আন্দোলনকারীরা। প্রথমে ঠিক ছিল প্যারিসের একেবারে কেন্দ্রীয়ভাবে মিছিল হবে। কিন্তু পুলিশ তা মধ্য প্যারিস থেকে সরিয়ে শহরের দক্ষিণ-পূর্ব প্রান্তে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়।
প্যারিসের প্রধান মিছিলটি প্রাথমিকভাবে শান্তিপূর্ণভাবেই শুরু হয়। কিন্তু পরে প্যারিসসহ ফ্রান্সের বেশ কিছু শহরে বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটেছে। ফ্রান্সের তৃতীয় বৃহত্তম শহর লিওঁতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। মার্সেই শহরেও জায়গায় জায়গায় পুলিশের ব্যারিকেডে আগুন ধরিয়ে দেওয়া হয়।

