ঢাকা      বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২
শিরোনাম

দুই দশক পর রাজশাহীতে তারেক রহমান

IMG
29 January 2026, 1:15 PM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: দীর্ঘ দুই দশক পর রাজশাহীতে পা রাখলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে হযরত শাহ মখদুম (র.)-এর দরগা শরিফে যাওয়ার কথা রয়েছে তাঁর। তারপর তিনি বক্তব্য রাখবেন রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক নির্বাচনী জনসভায়। এ জন্য সকাল থেকেই মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারেক রহমানকে দেখতে আশপাশে অবস্থান করছেন সাধারণ মানুষও।

ইতোমধ্যে মাঠের বিশাল অংশ মানুষে ভরে গেছে। বিপুল সংখ্যক মানুষ মাঠের আশপাশের এলাকায় অবস্থান করছেন। অনেক মানুষ ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন। নগরীর বিভিন্ন এলাকা থেকে জনস্রোত যাচ্ছে মাঠের দিকে।

আজ সকাল থেকেই জনসভার মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপির স্থানীয় নেতা এবং রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় ১৩টি আসনের ধানের শীষের প্রার্থীরা।

এই জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতা-কর্মীরা অংশ নেবেন। রাজশাহীর জনসভা শেষ করে তারেক রহমান বিকেল সাড়ে তিনটায় নওগাঁর পথে রওনা দেবেন। সন্ধ্যায় নওগাঁর এটিএম মাঠে জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান।

নওগাঁ থেকে তিনি যাবেন বগুড়া। রাতে বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে আরও একটি জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। নওগাঁর জনসভায় জয়পুরহাটের নেতা-কর্মীরা অংশ নেবেন। এর আগে, ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজশাহী এসেছিলেন তারেক রহমান। দলীয় প্রধান হিসেবে এটিই তার প্রথম সফর।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন