দিনাজপুর, বাংলাদেশ গ্লোবাল: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আগামীকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি দিনাজপুর, ঠাকুরগাঁও এবং নীলফামারীতে দলীয় প্রার্থীদের পক্ষে জনসভায় অংশ নেবেন। তারেক রহমানের এই সফরসূচি বিষয়ে সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
গত ১১ জানুয়ারি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভার কথা ছিল। কিন্তু পরে তা স্থগিত করা হয়। সেই স্থগিত হওয়া জনসভাগুলো শনিবার নীলফামারী, দিনাজপুর এবং ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এর আগে, গত ৩০ জানুয়ারি তারেক রহমান নির্বাচনী প্রচারে উত্তরাঞ্চলে প্রথম দফা সফরে এসে বিভাগীয় শহর রংপুরে বিশাল জনসভায় বক্তব্য দেন।
এদিকে, তিন জেলায় তারেক রহমানের নির্বাচনী জনসভা ঘিরে সাজ সাজ রব শুরু হয়েছে। প্রতিটি জনসভাস্থলে মঞ্চ তৈরির কাজ চলছে। পাশাপাশি তারেক রহমানের আগমনকে ঘিরে শহরগুলোতে প্রচারণা মিছিল ও মাইকিং চলছে।
তারেক রহমান শনিবার সকাল ১১টায় ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে হেলিকপ্টার যোগে প্রথমে ঠাকুরগাঁও জিলা স্কুল মাঠে সকাল সাড়ে ১১টায় জনসভায় যোগদান করবেন। এরপর হেলিকপ্টারে গিয়ে দুপুর দেড়টায় নীলফামারী পৌরসভা বড় মাঠে জনসভায় অংশ নিবেন তিনি।
নীলফামারীর জনসভা শেষে তারেক রহমান পুনরায় হেলিকপ্টারে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠে বিকেল সাড়ে তিনটার জনসভায় যোগদান করবেন। সেখানে বক্তব্য শেষে তিনি নানা ইস্কান্দার মজুমদার, নানী তৈয়বা মজুমদার এবং খালা সাবেক মন্ত্রী বেগম খুরশীদ জাহান হকের কবর জিয়ারত করবেন। এরপর হেলিকপ্টারে সৈয়দপুর বিমানবন্দরে হয়ে বিমান যোগে সন্ধ্যায় ঢাকায় ফিরে যাবেন তারেক রহমান।
তিন জেলার এই নির্বাচনী সভায় ঠাকুরগাঁও জেলার তিনটি, নীলফামারীর চারটি ও দিনাজপুরের ছয়টিসহ ১৩টি আসনের ধানের শীষ ও বিএনপি জোটের প্রার্থীরা অংশ নিবেন।
প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন: ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দিনাজপুর-৬ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং নীলফামারী-২ আসনে তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com