ঢাকা      সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
শিরোনাম

পুরনো দুর্নীতির ভূত ফের সক্রিয় হওয়ার চেষ্টা করছে: মামুনুল হক

IMG
08 February 2026, 11:55 PM

খুলনা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের ভূত আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। একসময় দেশের রাজনীতিতে সন্ত্রাস ও গুণ্ডামির ভূত এবং লুটপাট, চাঁদাবাজি ও দুর্নীতির ভূত ছিল, এখন সেই চক্র আবার ক্ষমতায় ফেরার পাঁয়তারা করছে।’ আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ জনসভা অনুষ্ঠিত হয়।

মামুনুল হক বলেন, ‘দেশের কৃষক, শ্রমিক, দিনমজুর, শিল্পোদ্যোক্তা ও প্রবাসীদের সম্মিলিত পরিশ্রমে অর্থনীতির চাকা সচল থাকলেও দুর্নীতিবাজ রাজনীতিকদের কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। স্বাধীনতার ৫৪ বছর পরও দেশের অর্থনৈতিক কাঠামোয় গুণগত পরিবর্তন হয়নি। আগে বিদেশি শাসকরা এ দেশের সম্পদ লুটে নিজেদের দেশে নিয়ে যেত, এখন দেশীয় শাসকরা সেই সম্পদ বিদেশে পাচার করে। এ থেকে দেশ রক্ষায় ইসলামী নেতৃত্বের সরকার দরকার।

তিনি বলেন, ‘দেশের মানুষ আর দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠীকে ক্ষমতায় দেখতে চায় না।’ এ প্রেক্ষাপটে ১১টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী ঐক্যের পক্ষে ভোট চান মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। শাসকের চেহারা, ধর্ম, জাত বদলেছে, কিন্তু শোষণের চরিত্র বদলায়নি।'

সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার এবং বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান মাদানী।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন