ঢাকা      মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২
শিরোনাম

১২ তারিখের নির্বাচন গণতন্ত্র রক্ষার চূড়ান্ত লড়াই: তারেক রহমান

IMG
09 February 2026, 1:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের দীর্ঘ প্রতীক্ষিত নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন কেবল একটি ভোট নয়, বরং জুলাই আন্দোলনে জীবন দেওয়া শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র রক্ষার এক বড় সুযোগ। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ‘এই ঢাকা-১৭ আসন আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত আবেগের জায়গা। এখানে আমি এবং আমার ভাই বড় হয়েছি। আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর জীবনের অধিকাংশ সময় এই এলাকাতেই কাটিয়েছেন। এই মাটির সাথে আমাদের আত্মার সম্পর্ক।’ তিনি আরও বলেন, এই এলাকার মানুষের প্রত্যাশা পূরণে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিয়ে বিএনপি চেয়ারম্যান একটি নতুন প্রকল্পের ঘোষণা দেন। তিনি বলেন, মা-বোনরা যদি আর্থিকভাবে স্বাধীন না হন, তবে উন্নত জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার প্রসার ঘটিয়েছিলেন, আর আমরা এবার সেই শিক্ষিত নারী ও গৃহিণীদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করবো।" এই কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি মা ও গৃহিণীর কাছে সরকারের পক্ষ থেকে সরাসরি আর্থিক সহযোগিতা পৌঁছে দেওয়া হবে।

কৃষিকে অর্থনীতির মূল চালিকা শক্তি উল্লেখ করে তারেক রহমান বলেন, কৃষক ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। তিনি ঘোষণা করেন যে, বিএনপি সরকার গঠন করলে প্রান্তিক ও মাঝারি সকল স্তরের কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ চালু করা হবে। এর ফলে সরকারি সকল ভর্তুকি ও সুযোগ-সুবিধা কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তাদের ঋণ শোধ করার সময় এসেছে। তিনি ১২ ফেব্রুয়ারি নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন