ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী তরুণদের হাতে নতুন দেশ তুলে দিতে কাজ করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, জুলাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে পারিবারিক পরিচয় নিয়ে দেশের পরিচালকের আসনে বসতে পারবে না। এমন বাংলাদেশ বানাতে চাই যেখানে রাষ্ট্র হবে সবার। সরকার হবে জনগণের।
তিনি আরও বলেন, আমরা এমন দেশ চাই যেখানে মানুষের অধিকার কেড়ে নেয়ার সুযোগ থাকবে না। ক্ষমতাবানদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হিম্মত সবার থাকে না। এই হিম্মত আবরার ফাহাদ, আবু সাইদ মুগ্ধ, ওসমান হাদি ও তাদের সহযোদ্ধারা দেখিয়েছে। এই দেশ সময়ের সাহসী সন্তানদের হাতে তুলে দিতে চাই। তারাই এ দেশের ভবিষ্যৎ রচনা করবে।
গণভোটের বিষয়ে শফিকুর রহমান বলেন, জনগণ চায় নিরাপত্তা, সুশাসন, ইনসাফ। বাংলাদেশকে এসব অঙ্গীকার আর মূল্যবোধের আলোকে সাজাতে চাই। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে সরকার কিছু পদক্ষেপ নিয়েছিল। কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে গণভোটে হ্যাঁ ভোট দিলে। সংস্কার প্রক্রিয়া পূর্ণতা পাবে।
ডা. শফিকুর রহমান বলেন, ২০১৪, ১৮ ও ২৪ সালে নির্বাচনের নামে তামাশা করে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এসব নিপীড়ন এবং অধিকার ফিরে পেতে রক্তাক্ত জুলাই আসে। তরুণরা নতুন দেশ দেখতে চায়। দেশের মানুষ পরিবর্তন দেখতে চায়। কিন্তু একটি মহল পরিবর্তন বিরোধী। কারণ পরিবর্তন হলে তাদের অপকর্ম বন্ধ হবে।
ক্ষমতায় যেতে পারলে প্রথম দিন থেকেই পরিকল্পনা বাস্তবায়ন কাজ শুরু করবেন জানিয়ে তিনি আরও বলেন, আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হয়ে নিজেদের মালিক মনে করেছে। ফলে রাষ্ট্রীয় সম্পদ, পদ-পদবি সবকিছু ব্যক্তিগত ও দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসেবে ব্যবহার করেছে। জুলাইয়ের মতো আর রক্তাক্ত কোনো ইতিহাস চান না জানিয়ে জামায়াত আমির বলেন, আমরা জুলাই চাই না। এমন বাংলাদেশ চাই যেখানে জনগণকে রাস্তায় নামতে হবে না।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com