চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামে ককটেল বানানোর সময় বিস্ফোরণে দু'জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোরে ফাঁটাপাড়া গ্রামের মো. কালামের বাড়িতে কয়েকজন ব্যক্তি ককটেল তৈরির সময় এ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দু'জন নিহত হন।
বিস্ফোরণে গুরুতর আহত হন মো. বজলুর রহমান (২০), মো. মিনহাজ (২২) ও মো. শুভ (২০)। আহতদের তাৎক্ষণিকভাবে চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহত দু'জনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এলাকাজুড়ে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ সাংবাদিকদের জানিয়েছেন, আহত ব্যক্তিরা ককটেল তৈরির কাজে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com