ঢাকা      সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

IMG
16 February 2026, 5:23 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: কলম্বোতে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সুপার এইটে উঠেছে ভারত। ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮ ওভারে ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। টি-টোয়েন্টির শীর্ষ ব্যাটার অভিষেক শর্মা শূন্য রানেই সাজঘরে ফেরেন। তবে সেই চাপ একাই সামাল দেন ঈশান কিষান। তিলক ভার্মাকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে গড়েন ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী জুটি। ৪০ বলে ১০টি চার ও ৩ ছক্কায় ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ঈশান।

মাঝপথে পাকিস্তানের সাইম আইয়ুব পরপর দুই বলে তিলক ভার্মা (২৫) ও হার্দিক পান্ডিয়াকে (০) ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। তবে শেষদিকে অধিনায়ক সূর্যকুমার যাদব (৩২) ও শিবম দুবের (২৭) কার্যকরী ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৭৫ রান করে ভারত। সাইম আইয়ুব ২৫ রানে ৩ উইকেট নেন।

১৭৬ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ভারতীয় পেসারদের তোপের মুখে পড়ে পাকিস্তান। ১৩ রানেই ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। জাসপ্রিত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ার বোলিংয়ে সাজঘরে ফেরেন সাহিবজাদা ফারহান (০), সাইম আইয়ুব (৬) ও অধিনায়ক সালমান আলী আগা (৪)।

বিপর্যয়ের মুখে একাই লড়াই চালিয়ে যান উইকেটরক্ষক ব্যাটার উসমান খান। প্রথমে বাবর আজম (৫) ও পরে শাদাব খানের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন। উসমান ৩৪ বলে ৬টি চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৪ রান করেন। কিন্তু বাবর ও শাদাব (১৪) অক্ষর প্যাটেলের শিকারে পরিণত হলে পাকিস্তানের আশা শেষ হয়ে যায়।

উসমানের বিদায়ের পর পাকিস্তানের লোয়ার অর্ডার আর দাঁড়াতে পারেনি। ১৮ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ‘এ’ গ্রুপ থেকে সুপার এইট নিশ্চিত করলো ভারত।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন