ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের সাথে বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রায় দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে দেশে রাজনৈতিক সরকার গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এই পরিবর্তনের ফলে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। বিশেষ করে পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে গণতান্ত্রিক সংস্কারের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরুর নির্দেশ দেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠানসমূহের পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়টিও আলোচনায় আসে। তিনি জানান, প্রয়োজনীয় বাজেট মঞ্জুরির জন্য অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করা হবে এবং নতুন জনবল নিয়োগের মাধ্যমে লক্ষ্য অর্জনে সমন্বিত প্রচেষ্টা চালানো হবে।
আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়নের বিষয়ে তিনি বলেন, একটি সঠিক ও যুগোপযোগী পরিকল্পনার মাধ্যমেই স্থায়ী উন্নয়ন সম্ভব। এ সময় তিনি উপস্থিত বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানদের নিকট থেকে সুনির্দিষ্ট পরামর্শ ও সুপারিশমালা তৈরির নির্দেশ দেন। এই সুপারিশমালার ভিত্তিতেই সংস্কারের অগ্রাধিকার তালিকা চূড়ান্ত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com