ঢাকা      শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

১৮০ দিনের মধ্যে খাল খনন কর্মসূচির সর্বোচ্চটা দৃশ্যমান হবে

IMG
19 February 2026, 7:09 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, কর্মসূচি শুরুর সর্বোচ্চ ১৮০ দিনের মধ্যে এর সর্বোচ্চটা দৃশ্যমান হবে। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ কথা বলেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার জীবদ্দশায় এই কর্মসূচি বাংলাদেশে একটি মহাবিপ্লবে পরিণত করেছিলেন। দীর্ঘদিন থেকে আমরা দেশবাসী ভুক্তভোগী যে, খাল খননও নেই এবং এই যে পানির জলাবদ্ধতা অথবা জলাশয়ে কোনো পানি নেই, সেচের ব্যবস্থা নেই—সবকিছু থেকে দেশবাসী আমরা বঞ্চিত।

তিনি বলেন, এবার নির্বাচনী ইশতেহারে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগ থেকেই বারবার এই কথাটা উল্লেখ করেছেন এবং খাল খনন প্রক্রিয়াটাকে পুনঃখনের মাধ্যমে দেশবাসীর সামনে নিয়ে আসবেন, আমরা যেন দেশের মানুষ সুবিধাটা পাই।

তিনি বলেন, আজকে আমরা মিটিং করেছি। সিদ্ধান্ত হয়েছে চারটা মন্ত্রণালয় আমরা বসে - বিশেষ করে পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় - আমরা এই চারটা মন্ত্রণালয় বসবো। আলোচনা করবো এবং পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত হবে।

সিদ্ধান্ত অনুযায়ী আমরা কীভাবে খাল খননের এই কর্মসূচি এবং বিপ্লব আকারে নিয়ে এটাকে সফল করতে পারি, সেই সিদ্ধান্তে আমরা পৌঁছাবো। আমাদের কার্যক্রম ১৮০ দিন যেটা, সেই কার্যক্রম আমাদের শুরু হবে।

১৮০ দিনের মধ্যে কি এটা শুরু হবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা শুরু করবো এবং সর্বোচ্চটা করার চেষ্টা করবো ১৮০ দিনের মধ্যে দৃশ্যমান করার। শুরু হবে খুব শিগগিরই। এক সপ্তাহের মধ্যে আমরা সিদ্ধান্ত নেবো কবে থেকে শুরু হবে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন