ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, শুধু দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়। আমরা এই দেশ ও দেশের নাগরিকদের ভালোবাসি। যদি কেউ জুলুমের শিকার হয়, তাহলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবো। আজ বৃহস্পতিবার জামায়াতে ইসলামী ঢাকা-১৫ সংসদীয় এলাকার উদ্যোগে এতিমদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সরকার ও বিরোধী দল মিলে যেন মানুষের অধিকার নিশ্চিত করতে পারি- সেই চেষ্টা অব্যাহত থাকবে। যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, আমরা আশা রাখবো সরকার সেই কাজটাই করবে। তিনি বলেন, এতিমদের আমরা এমনভাবে গড়ে তুলতে চাই, যেন তারা দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে পারে।
সম্প্রতি এখন টিভির চার সাংবাদিকের চাকরি হারানোর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, এটা সাংবাদিকদের স্বাধীনতার ওপর নির্লজ্জ আঘাত। আমরা আশা রাখবো এসব সাংবাদিকদের যেন চাকরিতে পুনর্বহাল করা হয়।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মো. সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং মহানগরী সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, মহানগরী নায়েবে আমির আ. রহমান মূসা। ইফতার মাহফিলে প্রায় এক হাজার এতিম শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com