ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন হারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ বলে উল্লেখ করেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট এ সংক্রান্ত একটি রুল জারি করেছে।
রুলে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে বিশ্বজুড়ে ব্যাপক শুল্ক আরোপ করে ফেডারেল আইন লঙ্ঘন করেছেন। এতে পররাষ্ট্র নীতি ও অর্থনীতি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়বে। এই রায় মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতার একটি পরীক্ষা এবং বিশ্ব অর্থনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে।
সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আইন অনুযায়ী তাঁর ক্ষমতার বাইরে গিয়ে শুল্ক আরোপ করেছেন। মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের আরোপ করা শুল্ক যতটা সম্ভব বহাল রাখার জন্য সরকারের পক্ষ থেকে আরও যুক্তি উপস্থাপন করা হবে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চ কর আরোপ করেন। সব দেশের আমদানি পণ্যের ওপর ১০-২০ শতাংশ সর্বজনীন শুল্ক আরোপের পাশাপাশি চীনসহ বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে শুল্ক আরোপ করেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছিল। মামলার পর নিম্ন আদালত এবং ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে রায় দিয়েছিলেন। পরে নিম্ন আদালতের এই রায়ে অসন্তুষ্ট হয়ে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক সংস্থা সুপ্রিম কোর্টে আপিল করে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com