ফরিদপুর, বাংলাদেশ গ্লোবাল: বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত চালু করতে সরকার কার্যকর ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, 'ভিসা জটিলতা নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
তিনি বলেন, 'আমাদের পররাষ্ট্রনীতি সমমর্যাদার। সব দেশের সঙ্গে কুটনৈতিক সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, কিন্তু সেটা হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।' 'অবশ্যই বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের মানুষের স্বার্থকে এক নম্বর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি হবে,' যোগ করেন তিনি।
শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা।’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com