ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাম্প্রতিক হামলার ঘটনায় ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন ও কূটনৈতিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, হামলার প্রেক্ষাপটে ইরানে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকার গভীরভাবে উদ্বিগ্ন।
বাংলাদেশ সতর্ক করে দিয়ে বলেছে, শত্রুতা অব্যাহত থাকলে, তা আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও বেসামরিক নাগরিকের কল্যাণকে আরও বিপন্ন করবে।
সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকার মতপার্থক্য নিরসনে সংলাপ ও কূটনীতির পথে ফিরে আসার প্রয়োজনের ওপর গুরুত্বারোপ করেছে।
বিবৃতিতে অঞ্চলটির কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়। এসব দেশের মধ্যে রয়েছে বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
দ্রুত পরিস্থিতি শান্ত হবে এবং অঞ্চলজুড়ে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা শিগগিরই পুনঃপ্রতিষ্ঠিত হবে বলে বাংলাদেশ আশা প্রকাশ করছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com