ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ওয়াশিংটন-ঢাকা কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে আজ মঙ্গলবার রাতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। তিনদিনের সফরে তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় এসেছেন। গত অক্টোবরে ডোনাল্ড লু’র উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটাই পল কাপুরের প্রথম বাংলাদেশ সফর।
খসড়া সূচি অনুযায়ী পল কাপুর আগামীকাল বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আলোচনা করবেন। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর।
সফরের শেষ দিনে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com