ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুদ্ধে লিপ্ত সকল পক্ষের প্রতি ‘হুঁশে ফেরা’ এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্ক৷ তিনি জানান, বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধের প্রভাব পড়ায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।
মঙ্গলবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ফলকার টুর্কের মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, ‘‘মধ্যপ্রাচ্য এবং তার বাইরে লক্ষ লক্ষ মানুষের যে ভয়, আতঙ্ক, উদ্বেগের অভিজ্ঞতা হয়েছে, তা স্পষ্ট অনুভব করা যায়৷ এটি পুরোপুরি এড়ানো যেতো৷’’
‘‘পরিস্থিতি প্রতি মুহূর্তে আরো খারাপ, আরো প্রসারিত হচ্ছে-’’ এমন মন্তব্য করে তিনি জানান, ফলকার টুর্ক ‘‘সকল পক্ষকে তাদের হুঁশে ফেরা এবং এই সহিংসতা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন৷’’
ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানোর পর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ফলকার টুর্কের কাছ থেকে এমন বক্তব্য এলো৷ এর আগে, এক প্রেস ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছিলেন, ‘‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটা কর্তব্য আছে৷ তারা চাইলে অবশ্যই পদক্ষেপ নিতে পারে, কারণ, নিজেদের ইচ্ছা ছাড়া তাদের পদক্ষেপ নেয়ার পথে কোনো বাধা নেই৷’’
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com