ঢাকা      মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

বিদ্যুৎ সাশ্রয়ে কাল থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধ

IMG
08 March 2026, 8:32 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে বন্ধ ঘোষণা করেছে সরকার। এই ছুটি পবিত্র ঈদুল ফিতরের একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ অনুযায়ী কার্যকর থাকবে।

আজ রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারিকৃত আদেশে এ কথা জানানো হয়। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ে অফিস আদেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে (ইউজিসি) এই নির্দেশনা দ্রুত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লিখিত তারিখ পর্যন্ত দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকবে। একই সাথে বিশ্ববিদ্যালয়গুলোতে ১১ দফা নির্দেশনা বাস্তবায়নের জন্য অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ী এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে ১১টি বিশেষ নির্দেশনা পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

নির্দেশনাগুলো হলো—

দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার করতে হবে;

বর্তমানে ব্যবহৃত আলোকসজ্জা বা আলোর অর্ধেক ব্যবহার নিশ্চিত করতে হবে;

অফিস চলাকালীন অপ্রয়োজনীয় লাইট, ফ্যান ও এয়ার কন্ডিশনার বন্ধ রাখতে হবে;

এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে;

কক্ষ ত্যাগের সময় সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করা নিশ্চিত করতে হবে;

করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি জ্বালানো যাবে না;

পর্যায়ক্রমে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার বাড়াতে হবে;

অফিস সময় শেষে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ সকল যন্ত্র বন্ধ রাখতে হবে;

যেকোনো ধরনের শোভাবর্ধক আলোকসজ্জা সম্পূর্ণ পরিহার করতে হবে;

সরকারি গাড়ির ব্যবহার সীমিত করতে হবে;

জ্বালানি ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয়ী হতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন