ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় ছিনতাইয়ের শিকার হয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন। তিন ছিনতাইকারী তাঁর আইফোন, মানিব্যাগ ও ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে।
এসময় আইফোনের পাসওয়ার্ডের জন্য সামুরাইয়ের উল্টো দিক দিয়ে আঘাত করে ও বাম চোখে ঘুষি মেরে জখমও করা হয়েছে তাঁকে। উপায় না দেখে পাসওয়ার্ড দিতে বাধ্য হন তিনি। রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন তিনি। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় আজ রোববার মামলা করেছেন তাঁর স্টাফ অফিসার (দুদকের ডিএডি) জাবেদ হোসেন সজল।
মোহাম্মদপুর থানার ওসি মেজবাহ উদ্দিন সাংবাদিকদের বলেন, “আমরা গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত করছি। এখনও অপরাধীদের চিহ্নিত করা সম্ভব হয়নি। আশা করি দ্রুত আপরাধীদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।"
এজাহারে অভিযোগ করা হয়, দুদকের মহাপরিচালক মোতাহার হোসেন শনিবার রাত সাড়ে ১০টার দিকে তারাবির নামাজ শেষে রেসিডেনসিয়াল মডেল কলেজের পাশে ফাইয়াজ চত্বরে হাঁটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাতনামা তিনজন চাপাতি ও সামুরাই নিয়ে তাঁর কাছে এসে ভয় দেখিয়ে একটি আইফোন ১২ প্রো ম্যাক্স, ২০ হাজার টাকা ভর্তি মানিব্যাগ ও হাতঘড়ি ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার বর্ণনা দিয়ে মামলায় বলা হয়, এরপর তারা আইফোনের পাসওয়ার্ড জানতে চেয়ে মোতাহার হোসেনকে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় এবং মারধর করে। পাসওয়ার্ড বলার পর তারা অটো রিকশায় করে পালিয়ে যায়।
মামলায় বলা হয়, ছিনতাই হওয়া মোবাইল ট্র্যাক করে আসামিদের অবস্থান শনাক্ত করে তাৎক্ষনিক বিষয়টি পুলিশকে জানালে মোহাম্মদপুর থানার টহল টিম তাজমহল রোডে গিয়ে আসামিদের আটকের চেষ্টা করলেও তারা বাইকে করে পালিয়ে যায়।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com