ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধে সুবিধাজনক অবস্থা নিতে ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখবে। বৃহস্পতিবার দেশটির নবনির্বাচিত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এ কথা জানিয়েছেন। তাঁর বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মোজতবাকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপর এটিই তাঁর প্রথম বিবৃতি।
সশরীরে এই বিবৃতি দেননি মোজতবা। টিভির উপস্থাপক এই বিবৃতি পড়ে শুনিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর থেকে মোজতবাকে প্রকাশ্যে দেখা যায়নি। ইসরাইল এবং মার্কিন যৌথ আক্রমণে মারা যান আয়াতুল্লাহ আলী খামেনি ।
বিবৃতিতে বলা হয়, ইরানের শহিদদের প্রতিশোধ নেওয়া হবে এবং শত্রুপক্ষকে অনুশোচনা করতে বাধ্য করা হবে। বিবৃতিতে আরো বলা হয়, "যুদ্ধে সুবিধাজনক অবস্থা পেতে হরমুজ প্রণালী বন্ধ রাখা হবে।"
তবে মোজতবা কেন সশরীরে এই বিবৃতি দিলেন না তা স্পষ্ট করা হয়নি। যে আক্রমণে তাঁর বাবা মারা গেছেন, সেই একই ঘটনায় তিনিও আহত হয়েছেন বলে জানিয়েছিলো ইরানের কর্তৃপক্ষ। তবে তা কতোটা গুরুতর তা জানানো হয়নি।
অন্যদিকে, হরমুজ প্রণালী বন্ধ থাকায় এবং মধ্যপ্রাচ্যে অশান্তির জেরে পৃথিবীতে জ্বালানির সংকট দেখা গেছে। অপরিশোধিত তেলের দাম নয় শতাংশ বেড়ে ব্যারেল প্রতি প্রায় ১০০ মার্কিন ডলার ছুঁয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com