স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মিরপুরে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ওয়ানডেতে চরম নাটকীয় ও বিতর্কিত রান আউটের শিকার হয়েছেন পাকিস্তানি ব্যাটার সালমান আলী আগা। বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের উপস্থিত বুদ্ধিতে এই রান আউটের ঘটনা ঘটে, যা নিয়ে মাঠে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় এবং 'স্পিরিট অব ক্রিকেট' নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন সালমান আগা। এসময় তিনি বলেন, নিয়মের মধ্যে থাকলেও এটি স্পোর্টসম্যানশিপ নয়।
আলোচিত এই ঘটনাটি ঘটে মিরাজের ওভার চলাকালীন। মিরাজের একটি ডেলিভারি মোহাম্মদ রিজওয়ান বোলার বরাবর ডান দিকে ঠেলে দেন। মিরাজ দ্রুত ডান দিকে সরে পা দিয়ে বলটি আটকান। এসময় নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান আগার একেবারে সামনে চলে যান মিরাজ এবং দু'জনের মধ্যে কিছুটা সংঘর্ষ হয়। বলটি দু'জনের পায়ের কাছে গিয়ে থেমে যায়।
সালমান তখন ক্রিজের বাইরে ছিলেন। তিনি স্পোর্টসম্যানশিপ দেখিয়ে বলটি কুড়িয়ে বোলার মিরাজের হাতে তুলে দিতে চেয়েছিলেন। কিন্তু ক্রিজে ঢোকার কোনো চেষ্টাই করেননি। মিরাজ কালক্ষেপণ না করে দ্রুত বলটি তুলে নিয়ে আন্ডারআর্ম থ্রোতে স্টাম্প ভেঙে দেন। সালমান তখনো ক্রিজের বাইরে এবং পুরো ঘটনায় তিনি রীতিমতো হতবাক হয়ে যান।
অন ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ সাথে সাথেই সিদ্ধান্তটি থার্ড আম্পায়ারের কাছে পাঠান। নিয়ম অনুযায়ী বলটি তখনো 'ডেড' হয়নি এবং বোলার হিসেবে মিরাজের এই রান আউট করার পূর্ণ অধিকার ছিল। ফলে থার্ড আম্পায়ার খুব সহজেই সালমানকে আউট ঘোষণা করেন। এই আউটের ফলে ৬২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সালমানের ৬৪ রানের দারুণ এক ইনিংসের সমাপ্তি ঘটে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com