রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: শহীদ জিয়ার দেখানো পথে সারাদেশে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, আমরা নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি আনবো। সেই মাটিতে চাষ করবো এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবো। আজ সোমবার দুপুরে রাজশাহী গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, আমাদের মনে আছে, বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত কী দুর্ভিক্ষই না ছিল বাংলাদেশে। খাদ্য নেই, বাংলাদেশের মানুষ নিঃস্ব, কঙ্কালসার শরীর। অথচ, তখন দেশের লোকসংখ্যা ছিল সাত কোটির মতো। শহীদ জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে জনগণকে উদ্বুদ্ধ করেছেন। সারাদেশে খাল খননের মাধ্যমে তিনি এক ফসলি জমিকে তিন ফসলি করেছেন। এভাবে সাতাত্তর-আটাত্তর সালে তিনি বাংলাদেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন।
মিজানুর রহমান মিনু আরও বলেন, রাজশাহীতে জিয়াউর রহমানের খাল খননের মাধ্যমে জনগণ উদ্বুদ্ধ হওয়ায় তখন এ এলাকায় ব্যাপক পরিবর্তন ঘটেছিল। প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান এসময় উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com