ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫০ জন। আজ মঙ্গলবার আফগান তালেবান সরকারের একজন মুখপাত্র এ দাবি করেছেন। বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
তবে পাকিস্তান এই দাবিকে মিথ্যা ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, সোমবার রাতে চালানো অভিযানে সুনির্দিষ্টভাবে কেবল সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মদদ দেওয়া অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।
দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে উত্তেজনা প্রশমনে চীনের মধ্যস্থতার আশ্বাস এবং উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফেরার আহ্বানের মাত্র কয়েক ঘণ্টা পরই এই বিমান হামলা চালানো হয়।
ঘটনাস্থলে একটি একতলা ভবনে আগুনের স্পষ্ট চিহ্ন দেখা যাচ্ছিল। অন্যান্য স্থানে ভবনগুলো ধসে পড়ে কাঠ ও ধাতুর স্তূপে পরিণত হয়েছিল। কোথাও কোথাও কেবল কয়েকটি দোতলা বিছানা অক্ষত ছিল, আর চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল কম্বল, ব্যক্তিগত জিনিসপত্র ও বিছানাপত্র।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে বিভীষিকাময় পরিস্থিতির চিত্র। অ্যাম্বুলেন্স চালক হাজি ফাহিম রয়টার্সকে জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন চারদিকে আগুন জ্বলছে এবং মানুষ পুড়ছে। ভোরে তাঁকে আবার ডাকা হয়, কারণ ধ্বংসস্তূপের নিচে তখনও বহু মরদেহ চাপা পড়ে ছিল।
ক্ষতিগ্রস্ত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গেটের সামনে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি অবস্থান নিতে দেখা গেছে। ভবনের সাইনবোর্ড অনুযায়ী, এটি ছিল এক হাজার শয্যার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। ঘটনাস্থলে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সেখানে নিরাপত্তা কর্মীদের মোতায়েন থাকতে দেখা গেছে।
তালেবানের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন, সোমবার রাত ৯টার দিকে বিমান হামলাটি চালানো হয়। তাঁর দাবি, হামলার লক্ষ্য ছিল সরকারি ‘ওমিদ’ হাসপাতাল, যা ছিল দুই হাজার শয্যার একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হামলায় হাসপাতালের বড় একটি অংশ ধ্বংস হয়েছে এবং এতে ব্যাপক হতাহতের আশঙ্কা রয়েছে। তাঁর দাবি, নিহতের সংখ্যা ৪০০-এ পৌঁছেছে এবং অন্তত ২৫০ জন আহত হয়েছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com