ঢাকা      বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

IMG
19 March 2026, 7:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়েআটটায় অনুষ্ঠিত হবে। ওই জামাতে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানের প্রস্তুতি পরিদর্শন শেষে এ তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে নারীসহ ৪০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। নামাজে অংশগ্রহণ করা মুসল্লিরা প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে পারবেন। তবে আবহাওয়ার কারণে ঈদগাহ ময়দান নামাজ আদায়ের অবস্থায় না থাকলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ উপলক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম জাতীয় ঈদগাহ পরিদর্শন করেন।

মীর শাহে আলম সাংবাদিকদের জানান, এবারের প্রধান জামাত একটু বিশেষ। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর জাতি রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই ঈদে একসঙ্গে দু’জন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এটি ঐতিহাসিক একটি মুহূর্ত হতে যাচ্ছে।

আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। তাঁর সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে নামাজ পড়বেন বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঈদগাহের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভিভিআইপিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা কাজ করছেন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন