ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, ‘চলমান পরিস্থিতিতে ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে আরো বাংলাদেশিদের দেশে ফেরানো হবে।’
আজ শুক্রবার সকালে দেশে ফিরেছে সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
যুদ্ধাবস্থায় দেশগুলোতে বাংলাদেশিদের নিরাপত্তার জন্য সরকার কাজ করছে বলে জানান শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, যুদ্ধাবস্থায় বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত রাখা আমাদের অগ্রাধিকার। তাদের সুরক্ষার জন্য আমরা যা যা করার করবো।
এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, আমরা প্রবাসীদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। আমাদের যে ভাই লাশ হয়ে ফিরে এলেন, তাঁর পরিবারের জন্য আমরা আর্থিক সহায়তার ব্যবস্থা করবো। তাঁর দুই বাচ্চার পড়ালেখার দায়িত্ব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নেবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com