ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, পবিত্র জুমাতুল বিদা পালিত হয়েছে। সারাদেশে সব মসজিদে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে আজ শুক্রবার পবিত্র জুমাতুল বিদা পালিত হয়।
মাহে রমজানের শেষ দিনে জুমাতুল বিদা হওয়ায় মসজিদগুলোতে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারাদেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।
নামাজ আদায়ের আগে খতিব ও আলেমগণ জুমাতুল বিদা এবং মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিশেষ খুতবা দেন। জুমার নামাজ শেষে মসজিদগুলোতে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ধর্মপ্রাণ মুসল্লি এবং মসজিদে অবস্থানকারী এতেকাফকারী মুসল্লিরা জুমার নামাজ আদায় শেষে গুনাহ মাফের জন্য মহান রবের দরবারে হাত তুলেন। পিতা-মাতা, মরহুম আত্মীয়-স্বজন এবং অসুস্থদের জন্য দোয়া করেন তাঁরা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com