শরীফুল ইসলাম, সাভার: আগামীকাল ২৬ মার্চ। মহান স্বাধীনতা দিবস। দিবসটি উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতির গৌরব আর অহংকারের এই দিনটিতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে নামবে লাখো মানুষের ঢল। তাদের হৃদয় নিঙড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদী।
স্বাধীনতা দিবস উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে দিয়েছেন এক নতুন রূপ। নানা রঙয়ের বাহারী ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে স্মৃতিসৌধের সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রঙ-তুলির আঁচড়। নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারিসহ স্মৃতিসৌধ এলাকায় থাকবে কয়েক স্তরের নিরাপত্তা বলয়।
২৬ মার্চ সুর্যোদয়ের সাথে সাথে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, কূটনৈতিক কোরের ডিন, বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদানের জন্য একটি সুসজ্জিত দল তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
স্মৃতিসৌধে আগত দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এবং এর আশপাশের এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশ সদস্য।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্মৃতিসৌধের প্রস্তুতি এবং বিদেশি ভিআইপিদের আগমন উপলক্ষ্যে সকল প্রকার দর্শনার্থীদের স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ২৬ মার্চ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ স্মৃতিসৌধ ত্যাগ করার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com