এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: বক্স অফিসে সাফল্যের মুখ দেখছেন অক্ষয় কুমার। প্রিয়দর্শন ও অক্ষয় জুটির দীর্ঘ প্রতীক্ষিত ছবি ‘ভূত বাংলা’ প্রেক্ষাগৃহে রীতিমতো দাপট দেখাচ্ছে। মুক্তির মাত্র ৭ দিনেই অর্থাৎ প্রথম সপ্তাহের শেষে ভারতের বাজারে এই ছবির আয় দাঁড়িয়েছে ৮৪ কোটি টাকা। ১০০ কোটির ক্লাবে প্রবেশ করা এখন শুধু সময়ের অপেক্ষা।
‘ভুলভুলাইয়া’-র সেই নস্টালজিয়া আবারও ফিরিয়ে এনেছেন অক্ষয়-প্রিয়দর্শন জুটি। ট্রেড অ্যানালিস্টদের মতে, ওয়ার্কিং ডে-তেও ছবির টিকিট বিক্রির হার ছিল সন্তোষজনক। সপ্তম দিনে এসেও দর্শক সমাগম প্রমাণ করেছে, নির্মল কমেডি আর রহস্যের মিশেল থাকলে দর্শকরা আজও অক্ষয়কে ভরসা করেন।
যে গতিতে ছবিটি এগোচ্ছে, তাতে দ্বিতীয় সপ্তাহের শুরুতেই এটি ১০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। সপ্তাহান্তের ছুটিতে বড় কোনো রিলিজ না থাকায় ‘ভূত বাংলা’র আয় আরও বাড়বে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
শুধু ভারতেই নয়, বিদেশের বাজারেও অক্ষয় ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী গ্রস কালেকশন ধরলে ছবিটি ইতিমধ্যে বড় সাফল্যের মুখ দেখেছে। ফ্লপের তকমা ঝেড়ে ফেলে অক্ষয়ের এই কামব্যাক টিনসেল টাউনে এখন হট টপিক।
তবে শুধু অক্ষয় কুমার একাই নন, ‘ভূত বাংলা’র সাফল্যের পিছনে রয়েছে এক শক্তিশালী স্টারকাস্ট। প্রিয়দর্শন তাঁর এই ছবির জন্য এমন কিছু অভিনেতাকে বেছে নিয়েছেন, যাঁদের কমিক টাইমিং এককথায় অনবদ্য। রাজপাল যাদব, পরেশ রাওয়াল, ওয়ামিকা গাব্বি পর্দায় নিজেদের অভিনয়ের ছাপ রেখেছেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com