ঢাকা      মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

ইরানি হামলার প্রশংসা করায় ৬৯ জনের নাগরিকত্ব বাতিল করলো বাহরাইন

IMG
27 April 2026, 11:26 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রশংসা করায় ৬৯ ব্যক্তি ও তাদের পরিবারের নাগরিকত্ব বাতিল করেছে বাহরাইন সরকার। আজ সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়ে বলেছে, জাতীয় নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখা এবং সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের হামলাকে সমর্থন বা প্রশংসা করার অভিযোগ রয়েছে। এসব কার্যকলাপ দেশের স্থিতিশীলতা ও জনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে।

এই সিদ্ধান্তের আগে কয়েক ডজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগ আনা হয়। সরকার বলছে, এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অস্থিরতা বাড়াতে পারে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলার জেরে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার প্রভাব পড়ে উপসাগরীয় অঞ্চলে। বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরসহ আমেরিকার বিভিন্ন সামরিক অবস্থানে হামলা চালানো হয়। ওই প্রেক্ষাপটে বাহরাইনসহ বিভিন্ন দেশ নিরাপত্তা জোরদার করেছে।

কর্তৃপক্ষ আরও জানায়, অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি বাড়ানো হয়েছে এবং এমন কোনো কনটেন্ট শেয়ার বা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে, যা দেশের স্থিতিশীলতা ক্ষুণ্ন করতে পারে। সরকারের মতে, এই পদক্ষেপ বাহ্যিক হুমকি মোকাবিলা এবং বিদেশি সমর্থিত গোষ্ঠী বা নেটওয়ার্কের প্রভাব প্রতিরোধে চলমান বৃহত্তর প্রচেষ্টারই অংশ।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন