ঢাকা      শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩
শিরোনাম

কক্সবাজারে আবাসিক হোটেলে মিললো অর্ধগলিত মরদেহ

IMG
30 April 2026, 4:04 PM

কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: কক্সবাজার শহরের এন্ডারসন রোডের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে হোটেল নিশীতা’র ৪০৮ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি অর্জুন দাশ (৬০)। তিনি ফেনীর বাসিন্দা এবং শ্রীধাম চন্দ্র দাশের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, গত ২৫ এপ্রিল অর্জুন দাশ এক অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে হোটেলের ওই কক্ষটি তিন দিনের জন্য ভাড়া নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও কক্ষ থেকে কোনো সাড়া না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে বুধবার বিকেলে কক্ষের সামনে গিয়ে ভেতর থেকে তীব্র দুর্গন্ধ পান হোটেল কর্মীরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে ঢুকে মরদেহ উদ্ধার করে। দীর্ঘ সময় ধরে কক্ষে পড়ে থাকার কারণে মরদেহটি অর্ধগলিত হয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকালে মরদেহের পাশ থেকে একটি গামছা পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন সাংবাদিকদের জানান, নিহতের সঙ্গে থাকা অজ্ঞাত ব্যক্তিকে শনাক্ত করতে হোটেলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন