আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার কেদাহ ও জোহর রাজ্যে পৃথক অভিযানে ৮৮ বাংলাদেশিসহ ১৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। গতকাল বুধবার পরিচালিত এসব অভিযানে বিভিন্ন দেশের নাগরিকদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, পাস বা পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন ইমিগ্রেশন আইনে অভিযোগ আনা হয়েছে।
কেদাহ ইমিগ্রেশন বিভাগ জানায়, ১৩ মে সকাল ১০টা থেকে কুলিম ও কোটা সেতার এলাকায় “অপস সাপু”, “অপস কুতিপ” ও “অপস সেলেরা” নামে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন ইমিগ্রেশন বিভাগের ২৩ জন কর্মকর্তা। গোপন তথ্য ও জনসাধারণের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তিনটি স্থাপনায় তল্লাশি চালিয়ে মোট ১২০ জন স্থানীয় ও বিদেশি নাগরিককে যাচাই করা হয়। এর মধ্যে ৯১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন ৭১ জন বাংলাদেশি পুরুষ ও একজন বাংলাদেশি নারী, ছয়জন থাই পুরুষ ও চারজন থাই নারী, তিনজন চীনা পুরুষ, চারজন পাকিস্তানি পুরুষ এবং দু’জন ইন্দোনেশীয় পুরুষ। ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স ১৫ থেকে ৫৭ বছরের মধ্যে। তাদের বেলান্তিক ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। পাশাপাশি তদন্তে সহায়তার জন্য দুইটি সাক্ষী সমনের নোটিশও জারি করা হয়েছে।
অন্যদিকে, জোহরের মুয়ার জেলায় ছয়টি আসবাবপত্র কারখানা ও শ্রমিকদের আবাসস্থলে অভিযান চালিয়ে ৪৩ জন বিদেশিকে আটক করেছে জোহর ইমিগ্রেশন বিভাগ। জোহর ইমিগ্রেশনের পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, মুয়ার, সেগামাত ও বাতু পাহাত শাখার সমন্বয়ে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
তিনি বলেন, অভিযান চলাকালে কয়েকজন শ্রমিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং কারখানার ভেতরে লুকিয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত সব বের হওয়ার পথ বন্ধ করে দিলে তারা পালাতে পারেনি।
আটককৃতদের মধ্যে রয়েছেন ১৫ জন বাংলাদেশি পুরুষ, একজন পাকিস্তানি পুরুষ, আটজন মিয়ানমারের পুরুষ, আটজন নেপালি পুরুষ, পাঁচজন চীনা পুরুষ এবং তিনজন ইন্দোনেশীয় নারী। এছাড়া একজন বাংলাদেশি কিশোরী, একজন ইন্দোনেশীয় কিশোরী ও একজন মিয়ানমারের নারীও আটক হয়েছেন।
আটককৃতদের বয়স ১৪ থেকে ৬২ বছরের মধ্যে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের পন্টিয়ানের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। জোহর ইমিগ্রেশন বিভাগ সতর্ক করে জানিয়েছে, অবৈধ বিদেশি শ্রমিকদের আড়াল করার যেকোনো কৌশল কঠোর নজরদারির আওতায় থাকবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com