আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ার জাতীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান তেনাগা ন্যাশনাল বেরহাদ (টিএনবি) কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে দেশের বিদ্যুৎ গ্রিডকে আরও আধুনিক, নিরাপদ ও কার্যকর করে তুলতে কাজ করছে। প্রতিষ্ঠানটির মতে, এআই এখন বিদ্যুৎ ব্যবস্থাপনায় 'স্মার্ট জিপিএস'-এর মতো কাজ করছে, যা বিদ্যুতের সঠিক প্রবাহ নিশ্চিত করার পাশাপাশি আগাম ঝুঁকি শনাক্ত করতেও সহায়তা করছে।
কুয়ালালামপুরে টিএনবি'র সদর দপ্তরে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান ডিজিটাল ও তথ্য কর্মকর্তা আজলান আহমাদ বলেন, আধুনিক বিদ্যুৎ ব্যবস্থায় এআই মূলত বিদ্যুৎ গ্রিডকে 'মস্তিষ্ক ও চোখ' দিচ্ছে, যা তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ, পূর্বাভাস এবং সিস্টেম সুরক্ষায় কাজ করছে।
তিনি বলেন, 'আগের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ছিল অনেকটা ম্যানুয়াল গাড়ির মতো, যেখানে চালককে প্রতিটি সিদ্ধান্ত নিজে নিতে হতো। কিন্তু এখন প্রতিদিন হাজার হাজার সৌর প্যানেল ও বৈদ্যুতিক গাড়ির চার্জার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ফলে মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে পুরো সিস্টেম নিয়ন্ত্রণ করা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।'
আজলান আহমদের ভাষায়, এআই এখন 'বিদ্যুতের আবহাওয়া পূর্বাভাসদাতা' হিসেবে কাজ করছে। এটি আগাম বিদ্যুতের চাহিদা অনুমান করতে পারে এবং সেই অনুযায়ী সিস্টেম প্রস্তুত রাখে। তিনি আরও বলেন, এআই স্মার্ট জিপিএসের মতো বিদ্যুতের জন্য সবচেয়ে কার্যকর পথ নির্ধারণ করে দেয়, যাতে কোনো শক্তির অপচয় না হয়।
শুধু দক্ষতাই নয়, বিদ্যুৎ ব্যবস্থার নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি। তাঁর মতে, এই প্রযুক্তি ২৪ ঘণ্টার নিরাপত্তাকর্মীর মতো কাজ করে, যা কেবল বা সরঞ্জামে সম্ভাব্য ত্রুটির আগাম সংকেত শনাক্ত করতে সক্ষম।
টিএনবি'র তথ্যমতে, বর্তমানে প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতে এআই ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভ্রাটের ধরণ শনাক্তকরণ, ভূগর্ভস্থ কেবলের পূর্বাভাসভিত্তিক রক্ষণাবেক্ষণ এবং মাঠপর্যায়ের নিরাপত্তা ও কাজের মান উন্নয়নে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির ব্যবহার।
আজলান বলেন, 'এটি বিদ্যুৎ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনে দিয়েছে। আগে সমস্যা হওয়ার পর সমাধান করা হতো, এখন এআই ঝুঁকি আগে থেকেই শনাক্ত করে দ্রুত পদক্ষেপ নিতে সহায়তা করছে।'
তাঁর মতে, এআই ইতোমধ্যে বিদ্যুৎ নেটওয়ার্কে চাপের লক্ষণ আগেভাগে শনাক্ত করতে পারছে, যা বড় ধরনের বিভ্রাট প্রতিরোধে সহায়ক হচ্ছে। পাশাপাশি প্রকৌশলীরা পুনরাবৃত্ত ত্রুটি আরও দ্রুত চিহ্নিত করতে পারছেন। তিনি বলেন, 'সব মিলিয়ে এআই বিদ্যুৎ ব্যবস্থাকে আরও কার্যকর, স্থিতিশীল ও দ্রুত প্রতিক্রিয়াশীল করে তুলছে।'
এছাড়া নির্ধারিত সময়ের ভিত্তিতে নয়, বরং যন্ত্রপাতির প্রকৃত অবস্থা বিশ্লেষণ করে কোন সরঞ্জামের রক্ষণাবেক্ষণ প্রয়োজন তা নির্ধারণেও এআই সহায়তা করছে। এতে বড় ধরনের ক্ষতি হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে।
আঞ্চলিক পর্যায়েও এই ডিজিটাল অবকাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে টিএনবি। বিশেষ করে ভবিষ্যতের আসিয়ান পাওয়ার গ্রিড উদ্যোগ বাস্তবায়নে এটি সহায়ক হবে। এই উদ্যোগের লক্ষ্য হলো আসিয়ান অঞ্চলে নিরাপদ আন্তঃসীমান্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
আজলান আহমদ বলেন, উন্নত তথ্যব্যবস্থা ও সিস্টেম পর্যবেক্ষণের মাধ্যমে ভবিষ্যতে নিরাপদ আন্তঃদেশীয় বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করার সক্ষমতা আরও বাড়বে।
তিনি জানান, জ্বালানি খাতে এআইয়ের বাড়তে থাকা ভূমিকা আগামী এনার্জি ট্রানজিশন কনফারেন্স ২০২৬ (ইটি-কন ২০২৬) সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে। টিএনবি এই সম্মেলনকে প্রযুক্তিগত উদ্ভাবন ও মালয়েশিয়ার জ্বালানি রূপান্তর পরিকল্পনার মধ্যে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে।
আজলান বলেন, ২০২৩ সালের সম্মেলনে জাতীয় জ্বালানি রূপান্তর রোডম্যাপ (এনইটিআর) ঘোষণা করা হয়েছিল, যা ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে মালয়েশিয়ার অঙ্গীকারকে আরও জোরদার করে।
তিনি জানান, এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো 'এনার্জি অ্যান্ড এআই: দ্য সিনার্জি ফর এনার্জি ট্রানজিশন'। এতে তিনটি মূল বিষয় গুরুত্ব পাবে— 'এনার্জি ফর এআই', 'এআই ফর এনার্জি' এবং 'এনার্জি ট্রানজিশন ফর পিপল'।
তাঁর ভাষায়, 'এনার্জি ফর এআই'-এর লক্ষ্য হলো পরিচ্ছন্ন জ্বালানির মাধ্যমে ডিজিটাল বিশ্বকে সহায়তা করা। এ'আই ফর এনার্জি' বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাকে আরও দক্ষ ও নির্ভরযোগ্য করে তুলবে। আর 'এনার্জি ট্রানজিশন ফর পিপল' নিশ্চিত করবে, যাতে জ্বালানি রূপান্তরের সুফল সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখে।
আগামী ৩ থেকে ৫ জুন পর্যন্ত কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে 'ইটি-কন ২০২৬'। সম্মেলনের দ্বিতীয় দিনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com