ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ঈদুল আযহা উপলক্ষ্যে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘আসুন, বিভেদ নয় ঐক্য; হিংসা নয় সহমর্মিতা; স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা এবং বৈষম্য নয় সাম্যের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঈদুল আযহার মহান আদর্শ হৃদয়ে ধারণ করি।’ সকালে বঙ্গভবনে ধারণ করা ভিডিও বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও ‘ঈদ মোবারক’ জানান।
তিনি বলেন, ঈদুল আযহা মানুষের মধ্যে আত্মত্যাগ, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি সুদৃঢ় করে। একই সঙ্গে এ উৎসব বিদ্বেষ, অহংকার ও মনের পশুত্বকে কোরবানি করার এক চিরন্তন ও সর্বজনীন আহ্বান বহন করে। রাষ্ট্রপতি তাঁর বার্তায় দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষ, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান পাশাপাশি সমাজের বিত্তবানদের অসহায় মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে এগিয়ে আসারও আহ্বান জানান ।
পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতার ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com