ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ রোববার দুপুরে তাঁর বেইলি রোডের সরকারি বাসভবনে তিনি এই শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস ও শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা মন্ত্রীর বাসভবনে এসে মনের আনন্দে উল্লাসে ছুটাছুটি করে। ডা, জাহিদ শিশুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও ঈদের আনন্দ ভাগাভাগি করেন। এ সময় তিনি শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের ঈদের গল্প শোনেন।
ডা. জাহিদ হোসেন সকল শিশুকে আপ্যায়ন করান। শিশুদের জন্য মৌসুমী ফলসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে জানায়, এমন একটি দিন তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই উদ্যোগ। বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সকলের দায়িত্ব। তিনি আরও বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সবসময় কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান অব্যাহত রাখা হবে, যাতে প্রান্তিক ও অনাথ শিশুরা সমাজের মূলধারায় আসতে পারে। এ সময় মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীন উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com