ঢাকা      বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিরোনাম

পদ্মা ও যমুনা সেতু থেকে ৬৪ কোটি টাকা টোল আদায়

IMG
31 May 2026, 10:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: পদ্মা ও যমুনা সেতু পারাপারকারী যানবাহন থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এ তথ্য জানানো হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি এবং সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা। ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পারাপার হওয়া ৩ লাখ ১৮ হাজার ৫১৫ টি যানবাহন থেকে এই টোল আদায় হয়েছে।

একইভাবে যমুনা সেতুতে ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়েছে এবং মোট টোল আদায় হয়েছে ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।

সেতু কর্তৃপক্ষের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা ও যমুনা সেতুর কার্যকর ব্যবস্থাপনার ফলে ঈদুল আযহার ছুটিতে থাকা যাত্রীদের জন্য সড়কপথে নিরাপদ, মসৃণ ও শান্তিপূর্ণ ভ্রমণ নিশ্চিত হয়েছে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে নিরলসভাবে কাজ করেন। এরই ধারাবাহিকতায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী এবং প্রতিমন্ত্রীও ঈদযাত্রায় সার্বক্ষণিক মনিটরিং করেছেন। এর ফলে ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক ও সুশৃঙ্খল হয়েছে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন