কক্সবাজার, বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত কক্সবাজারের ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন। তিনি আজ শনিবার ঢাকা থেকে কক্সবাজার পৌঁছে সকাল ১০টা ৫৩ মিনিটে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী প্রচণ্ড বৃষ্টির মধ্যেই ফ্লাইট থেকে নামেন। সেখান থেকে সড়ক পথে পিএমখালীতে যান। বৃষ্টির মধ্যেই নিজের হাতে কোদাল দিয়ে পাতলী খাল পুনঃখনন কাজ শুরু করেন তারেক রহমান। পরে তিনি খালের পাড়ে একটি খেজুর গাছের চারা রোপণ করেন।
পুনঃখনন উপলক্ষ্যে খালের পাড়ে বৈরি আবহাওয়া উপেক্ষা করে পাতলী গ্রামের সহস্রাধিক মানুষ সমবেত হন। তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখতে সকাল থেকে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় অপেক্ষায় ছিলেন। প্রধানমন্ত্রী এসে পৌঁছালে খাল পাড়ে দাঁড়িয়ে থাকা গ্রামবাসী তাঁকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তাদের চোখে মুখে ছিলো উচ্ছ্বাস। এ সময় তাঁরা স্লোগান ধরেন- ‘প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছা স্বাগতম।'
স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান খাল খননের সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঐতিহাসিক পাতলী খাল ৮ কিলোমিটার দীর্ঘ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পিএমখালীতে এসে ৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বর মাসে নিজের হাতে কোদাল দিয়ে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন। সেই সময় শহীদ প্রেসিডেন্ট খালের পাড়ে একটি খেজুর গাছ রোপণ করেন। এটি আজ ৪৮ বছর পরও কালের সাক্ষী হয়ে বেঁচে আছে। এই খাল পুনঃখননে প্রায় ৪০ হাজার মানুষ উপকৃত হবে বলে জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের স্থানীয় প্রকৌশলীরা।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com