ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক আইজিপি বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজ সাংবাদিকদের এ তথ্য জানান। বেনজিরের বিরুদ্ধে দুইটি মামলায় ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করা হয়েছিল। একটি ছিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, আরেকটি পাসপোর্ট জালিয়াতি।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রেড নোটিশ জারি ছিল। ইন্টারপোলে রেড নোটিশের দু’টি আবেদন করা হলে উনি গ্রেফতার হয়েছেন জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায়।
এর আগে, দুদক প্রধান কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে আরও চারটি মামলার তদন্ত চলমান রয়েছে। সবগুলো মিলিয়ে তাঁর বিরুদ্ধে প্রায় ৭৬ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এছাড়া গ্রেফতার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সংস্থা, প্রতিষ্ঠান ও ব্যক্তিদের সাথে দুদক যোগাযোগ রাখছে বলেও জানান তিনি।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com