কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি: বিশ্বকাপ ফুটবলের ম্যাচ পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েও প্রবেশের অনুমতি না পাওয়া সোমালিয়ার রেফারি ওমর আবদুল কাদির আরতানকে টুর্নামেন্টের পূর্ণ পারিশ্রমিক প্রদান করবে ফিফা। আজ সোমবার (১৫ জুন) রয়টার্স এ তথ্য জানিয়েছে। আফ্রিকার অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সী আরতান গত ৬ জুন ইস্তাম্বুল থেকে মিয়ামিতে পৌঁছান। তবে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) তাঁকে দেশে প্রবেশের অনুমতি না দিয়ে ফেরত পাঠায়।
হোয়াইট হাউসের ফিফা টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু গিউলিয়ানি বলেন, খুবই যৌক্তিক একটি কারণে আরতানকে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তবে তিনি এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান।
পরে দ্য নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে আরতান জানান, মিয়ামি বিমানবন্দরে তাঁকে প্রায় ১১ ঘণ্টা আটক রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি বলেন, প্রশ্নগুলোর বেশিরভাগই ছিল যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্য, সোমালিয়ার রাজনৈতিক পরিস্থিতি এবং জঙ্গি গোষ্ঠী আল-শাবাবকে ঘিরে।
সিবিপি এক বিবৃতিতে জানায়, “তথ্য যাচাই ও প্রবেশযোগ্যতা নির্ধারণের জন্য অতিরিক্ত পরিদর্শন ছিল নিয়মিত প্রক্রিয়ার অংশ। পরিদর্শনের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে নিরাপত্তা যাচাই-সংক্রান্ত উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।”
আরতানকে ইস্তাম্বুলে ফেরত পাঠানোর সিদ্ধান্তে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অনেকেই ফিফার একজন কর্মকর্তা হয়েও তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় ফিফার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া কূটনৈতিক ভিসায় ভ্রমণ করছিলেন বলে খবর থাকা সত্ত্বেও তাঁকে বহিষ্কারের ঘটনাকে অনেকেই অযৌক্তিক ও অতিরিক্ত কঠোর পদক্ষেপ বলে সমালোচনা করেন।
ওমর আরতান ২০২৫ সালে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল-এর বর্ষসেরা রেফারি নির্বাচিত হন। তিনি এর আগে দু’টি আফ্রিকা কাপ অব নেশনস টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন। গত বছর তিনি প্রথমবারের মতো বড় কোনো মহাদেশীয় ফাইনাল পরিচালনা করেন পিরামিডস এফসি ও মামেলোদি সানডাউনস-এর মধ্যকার ২০২৫ সিএএফ চ্যাম্পিয়নস লিগ ফাইনালের দ্বিতীয় লেগ ম্যাচ।
যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা পাওয়ার পর ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা তাঁকে আগামী ১২ আগস্ট অস্ট্রিয়ার সালজবুর্গ শহরে অনুষ্ঠিত উয়েফা সুপার কাপ ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছে। ওই ম্যাচে মুখোমুখি হবে অ্যাস্টন ভিলা এবং প্যারিস সেন্ট জার্মেই।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com