রিয়াজুল ইসলাম কাওছার, ইতালি: একতা, সেবা ও প্রগতির বার্তা নিয়ে ইতালিতে বৃহত্তর সিলেট সমিতি মনছা ব্রিয়েনছার নবগঠিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। ইতালির লিমবিয়াতে একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। সংগঠনের ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির সকলে একতা, সেবা ও প্রগতির প্রত্যয়ে শপথ নেন। এতে সভাপতির বক্তব্য রাখেন বৃহত্তর সিলেট অ্যাসোসিয়েশনের
সভাপতি শিরিন আহমেদ।
ভিডিও কনফারেন্সে প্রবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন মারুফ আহমেদ ও জাকারিয়া রাহমান সবুজ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, অর্থ সম্পাদক কামাল আহমেদ, প্রচার সম্পাদক নিরব আহমেদ সুয়েবসহ সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা।
প্রবাসীদের কর্মসংস্থান, লাশ প্রেরণসহ বাংলাদেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রবাস থেকে সহায়তা প্রদানের কথা বলেন বক্তারা। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। নৈশভোজের মাধ্যমে শেষ হয় এই আয়োজন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com