ঢাকা      শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
শিরোনাম

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন

IMG
14 February 2026, 12:19 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এ সময় তারেক রহমানকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান তিনি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

উষ্ণ ও আন্তরিক ফোনালাপে বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করেন দুই নেতা। পাকিস্তান-বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদান এবং দুই দেশের জনগণকে আরও কাছে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর মুখ্য ভূমিকার প্রতি শ্রদ্ধা জানান তাঁরা।

ফোনালাপে সফলভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করায় বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান শাহবাজ শরিফ। তিনি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে জাতির লালিত গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।’

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের কথা স্মরণ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী উভয় দেশের সার্বভৌম সমতার প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার এবং আঞ্চলিক শান্তি ও অগ্রগতিতে দুই দেশের নেতৃত্বের একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপি চেয়ারম্যানকে তাঁর সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। আমন্ত্রণে সাড়া দিয়ে শাহবাজ শরিফকেও ঢাকা সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। উভয় নেতা আগামী দিনগুলোকে দুই দেশের জনগণের কল্যাণে কাজ করতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারে সম্মত হন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন