ঢাকা      বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু

IMG
12 March 2026, 1:47 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে শুরু হয়েছে। অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। এরপর সকাল সোয়া ১১টার দিকে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সাল থেকে সব আন্দোলন-সংগ্রামের শহীদদের স্মরণ করেন।

সংসদ নেতা তারেক রহমান সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য প্রবীণ রাজনীতিবিদ ও সরকারি দলের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। সরকারি দলের অপর সদস্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রস্তাব সমর্থন করেন।

এছাড়া অধিবেশনে সভাপতিত্ব করার জন্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাবকে বিরোধী দলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও সমর্থন জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের দুই পাশের ভিভিআইপি লাউঞ্জসহ চারপাশের দর্শক গ্যালারিগুলো ভরে গেছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে। সংসদ সচিবালয় প্রথম অধিবেশনে বিশিষ্ট নাগরিক, কূটনীতিক, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্য চারপাশের গ্যালারিতে আসন দেওয়া হয়েছে।

প্রথম অধিবেশনে সংসদের ভিভিআইপি গ্যালারিতে রয়েছেন বিদায়ী অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

ভিভিআইপি লাউঞ্জের স্পিকারের ডান পাশের গ্যালারিতে বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, তাঁর মা সৈয়দা ইকবাল মান্দ বানু, প্রধানমন্ত্রীর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শর্মিলা রহমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার, তাঁর স্ত্রী কানিজ ফাতেমা, ডা. জুবাইদা রহমানের বড় বোন শাহিনা খান বিন্দু দ্বিতীয় সারিতে বসেছেন।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ টি এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সংসদে উপস্থিত রয়েছেন।

বাম পাশের গ্যালারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনাররা অতিথি হিসেবে আছেন।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন