ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হরমুজ প্রণালী পেরোতে গেলে জাহাজগুলিকে টোল দেওয়ার প্রস্তাব ইরানের নিরাপত্তা কমিশনে পাস হয়েছে। কমিশনের এক সদস্য ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাহাজকে তারা হরমুজ প্রণালী দিয়ে যেতে দেবেন না।
ইরানের সরকারি টিভি কমিশনের সদস্যকে উদ্ধৃত করে জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য এই টোল ব্যবস্থা চালু হচ্ছে। প্রণালীর অন্যদিকে থাকা ওমানের সঙ্গেও এই বিষয়ে সহযোগিতা করে চলা হবে।
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। এর ফলে বিভিন্ন দেশে তেল ও গ্যাস যেতে পারছে না। তার প্রভাব বিশ্বের অর্থনীতির উপর পড়ছে।
এদিকে, হরমুজ দিয়ে দুইটি চীনের জাহাজকে ছেড়েছে ইরান। মেরিন ট্র্যাফিক সার্ভিস জানিয়েছে, গত শুক্রবার এই দুইটি চীনা জাহাজ হরমুজ পেরিয়েছে।
অন্যদিকে, হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরব দেশগুলিকে অনুরোধ করতে পারেন, তারা যেন এই যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্রকে অর্থ দেয়। তিনি বলেছেন, ট্রাম্প এটা ভাবছেন এবং যে কোনো দিন তিনি এটা জানাতে পারেন।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com