ঢাকা      বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২
শিরোনাম

বার্নাব্যুতে রিয়ালকে হারালো বায়ার্ন

IMG
08 April 2026, 7:10 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: উয়েফা চ্যাম্পিয়নস লিগে স্মরণীয় এক জয় পেয়েছে বায়ার্ন মিউনিখ। প্রতিপক্ষের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে তারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ম্যাচের শুরু থেকেই ছিল উচ্চ গতির ফুটবল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমার্ধের শেষ দিকে এগিয়ে যায় বায়ার্ন। ৪১তম মিনিটে সার্জে গ্যা-ন্যাব্রির নিখুঁত থ্রু পাসে অফসাইড ফাঁকি দিয়ে দৌড়ে গিয়ে নিচু শটে গোল করেন লুইস দিয়াজ।

বিরতির পরপরই ব্যবধান দ্বিগুণ করে জার্মান জায়ান্টরা। দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে মাইকেল ওলিসের পাস পেয়ে বক্সের কিনারা থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন হ্যারি কেইন। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় বায়ার্ন।

দুই গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা বাড়ায় রিয়াল। অবশেষে ৭৪তম মিনিটে ব্যবধান কমান কিলিয়ান এমবাপ্পে। ডান দিক থেকে ট্র্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের নিচু ক্রসে ফার পোস্টে সহজ ট্যাপে গোল করেন ফরাসি তারকা।

শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় স্প্যানিশ পরাশক্তিরা। তবে বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার ছিলেন অনবদ্য। এমবাপ্পে ও ভিনিসিউস জুনিয়রের একাধিক শট ঠেকিয়ে দলকে এগিয়ে রাখেন অভিজ্ঞ এই গোলকিপার।

এই জয়ে দুই লেগের লড়াইয়ে এগিয়ে গেল বায়ার্ন। এখন ঘরের মাঠে দ্বিতীয় লেগে নামার আগে আত্মবিশ্বাসী থাকবে ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। অন্যদিকে ঘুরে দাঁড়াতে হলে পরের ম্যাচে জয়ের বিকল্প নেই রিয়ালের সামনে।

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন