ঢাকা      শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শিরোনাম

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ: হাসনাতকে স্পিকার

IMG
10 April 2026, 11:27 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় সংসদে ‌এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অসহিষ্ণু না হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার’ (এটা শাহবাগ চত্বর নয়)।

আজ শুক্রবার মাগরিবের নামাজের পর জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস নিয়ে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্কের সময় হাসনাত আবদুল্লাহর উদ্দেশে এ কথা বলেন স্পিকার।

বিরোধী দলের অভিযোগ, জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠকের সমঝোতার ব্যত্যয় ঘটিয়ে সরকারি দল সংশোধিত আকারে জুলাই স্মৃতি জাদুঘর বিল পাস করেছে। এর প্রতিবাদে ওয়াকআউট করে বিরোধী দল। এ বিষয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম কয়েক দফায় বক্তব্য দেন।

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও পাল্টা জবাব দেন। এ নিয়ে উভয় পক্ষে প্রায় ৪০ মিনিট বিতর্ক হয়।

দুই পক্ষের বিতর্কের মাঝামাঝিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিরোধী দলকে শান্ত করার চেষ্টা করেন। এ প্রসঙ্গে তিনি অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে খুবই সহযোগিতামূলক, প্রাণবন্ত ও কার্যকর বলে অভিহিত করেন তিনি। স্পিকারের বক্তব্যের সময় হাসনাত আবদুল্লাহ নিজ আসন থেকে দাঁড়িয়ে সরকারি দলের ভূমিকার প্রতিবাদ জানান, হইচই করতে থাকেন।

এ সময় স্পিকার বলেন, ‘এতো অসহিষ্ণু হলে চলবে না মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট (এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ)। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, শুনতে হবে।’

স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ (সুযোগ) খুবই কম। নোটিশ দেবেন, আমরা তা আমলে নেবো।’

ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন