যশোর, বাংলাদেশ গ্লোবাল: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের আঁচ বাংলাদেশকেও স্পর্শ করেছে। তারপরও জনগণের ভোগান্তি কমাতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরও বলেন, এখন সেচের মৌসুম চলছে। কৃষক যাতে কোনভাবেই ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য সরকার কাজ করছে। কৃষকদের নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ ও জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের যশোর সফর উপলক্ষে কর্মসূচিস্থল পরিদর্শন শেষে শনিবার দুপুরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি আরও জানান, আগামী ২৭ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান যশোর বিমানবন্দর থেকে শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত উলাশী খালের পুনঃখনন কাজে অংশ নেবেন তিনি। এরপর যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন শেষে ঈদগাহ ময়দানের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখবেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিগত ১৭ বছর ধরে যশোরে স্থবির হয়ে থাকা উন্নয়নের চাকা প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে ফের সচল হবে।’ তিনি আরও বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৬ সালে যশোর ঈদগাহ ময়দানে এক ঐতিহাসিক জনসভায় যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন। গত নির্বাচনের আগেও আমাদের রাজনৈতিক অঙ্গীকার ছিল, নির্বাচিত হলে এই হাসপাতাল করার। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী এই হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’
তারেক রহমানের যশোর সফরের প্রস্তুতি উপলক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রী সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপনের স্থান পরিদর্শন করেন তিনি। সবশেষে শার্শা উপজেলার উলাশী খাল পরিদর্শনে যান অনিন্দ্য ইসলাম অমিত।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com