ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতের মুর্শিদাবাদের সামশেরগঞ্জ বিধানসভা এলাকায় কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে এসে কুখ্যাত এপস্টিন ফাইল 'খুললেন' কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, মালদার চাঁচোল এবং মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কিষাণমান্ডির মাঠে নির্বাচনী জনসভা করেন তিনি।
মুর্শিদাবাদের জনসভা শেষে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে যান ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। জনসভার সিংহভাগ অংশ জুড়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির উপর আক্রমণ শানান তিনি। তবে রাহুল গান্ধীর আক্রমণের হাত থেকে 'ইন্ডিয়া' জোটের শরিক তৃণমূল নেতৃত্বও রেহাই পায়নি। 'এপস্টিন ফাইল'-এ থাকা নরেন্দ্র মোদির কীর্তি গোপন রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁকে নিয়ন্ত্রণ করছেন- এই অভিযোগ তোলার পাশাপাশি রাহুল অভিযোগ করেন- পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নিজেরা কাজ করছে না। এখানে তারা বিজেপির রাস্তা তৈরি করে দিচ্ছে।
সামশেরগঞ্জের নির্বাচনী জনসভায় রাহুল গান্ধী অভিযোগ করেন, "এখন দেশে দু'টো বিচার ধারায় লড়াই চলছে। একদিকে কংগ্রেস চাইছে গোটা দেশে সকলের মধ্যে একতা, ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ বজায় থাকুক। অন্যদিকে বিজেপি এবং আরএসএস বিদ্বেষ এবং হিংসায় ভরা এক দেশ চাইছে। তারা দেশকে ভাগ করতে চাইছে। দেশের বিচার ব্যবস্থা এবং সংবিধানের উপর ক্রমাগত আঘাত করে চলেছে।"
নির্বাচনী জনসভা থেকে রাহুল গান্ধী প্রতিশ্রুতি দেন, বিজেপি-আরএসএস এই রাজ্যের লাখ লাখ লোকের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে। কংগ্রেস ফের তাদের নাম নির্বাচনের পর ভোটার তালিকায় তুলে দেবে।
নরেন্দ্র মোদির উপর তীব্র আক্রমণ করে রাহুল গান্ধী বলেন,"মোদি নিজেকে দেশভক্ত বলেন। কিন্তু এখন তাঁর চেহারা কেউ দেখেছেন? আমার চোখে চোখ রাখতে পারেন না। উনি এখন ভীত। এপস্টিনের ৩৫ লাখ ফাইলের মধ্যে উনার চরিত্র এখন বন্দী হয়ে রয়েছে।"
রাহুল গান্ধী আরও বলেন," উনি বারবার মহিলাদের কথা বলেন। কিন্তু উনার চরিত্র ঠিক উল্টো। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প এটা জানেন। মোদির ভবিষ্যৎ এখন ট্রাম্পের হাতে। তাই বারবার ট্রাম্প বলেন, দুই মিনিটে তিনি মোদির ক্যারিয়ার শেষ করতে পারেন। মোদির 'রিমোট কন্ট্রোল' এখন ট্রাম্পের হাতে রয়েছে। উনি বোতাম টিপলে মোদি কথা বলেন, উনি বোতাম বন্ধ করলে মোদির কথা বন্ধ হয়ে যায়।"
এর পাশাপাশি আরও একবার রাহুল অভিযোগ করেন, আদানি গোষ্ঠীর কাছে বিজেপি সরকার দেশের সমস্ত গুরুত্বপূর্ণ বন্দর, এয়ারপোর্ট, সিমেন্ট কারখানা এবং অন্যান্য শক্তির উৎস বিক্রি করে দিচ্ছে। তার বদলে বিজেপি আদানিদের কাছ থেকে টাকা এবং মিডিয়ায় জায়গা পাচ্ছে।
মুর্শিদাবাদে নির্বাচনী জনসভা থেকে রাহুল অভিযোগ করেন," আমাকে মোদি ভয় পান। কারণ উনি জানেন কংগ্রেস কোনও না কোনও সময় উনাকে ধরবেই। সেই কারণে আমাকে পার্লামেন্টে চার ঘণ্টা বলতে দেওয়া হয়নি।"
আজকের জনসভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেন রাহুল গান্ধী। তিনি বলেন," ভারতের কৃষি এবং সাধারণ বাজারের ক্ষেত্রগুলো আমেরিকার কাছে মোদি সরকার বিক্রি করে দিয়েছে। ভারতের কৃষকদের ভবিষ্যৎ অন্ধকার। ভারতের সাধারণ মানুষের মেডিকেল ডাটা এবং হোয়াটসঅ্যাপ ডাটা আমেরিকার কাছে বিক্রি করার অভিযোগ তোলেন রাহুল গান্ধী।
পাশাপাশি তাঁর অভিযোগ, ভারত-আমেরিকা নতুন বাণিজ্য চুক্তির ফলে ট্রাম্প যার কাছ থেকে বলবে মোদি তার কাছ থেকে তেল কিনতে বাধ্য। এর ফলে আগামী দিন গ্যাস, পেট্রোল এবং কেরোসিনের দাম বাড়তে চলেছে। ভয়ঙ্কর দিন আসতে চলেছে দেশজুড়ে। এছাড়াও রাহুল গান্ধী অভিযোগ করেন, নতুন এই 'ডিলের' ফলে প্রতি বছর ভারতকে আমেরিকা থেকে সাড়ে ৯ লাখ কোটি টাকার মাল কিনতে হবে। তার ফলে ভারতের সমস্ত ছোট ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।
মোদি সরকারের পাশাপাশি রাহুল গান্ধী 'ইন্ডিয়া' জোটের শরিক তৃণমূল কংগ্রেসকেও এক হাত নেন। তিনি বলেন,"মোদি এসআইআর এবং ভোট চুরি, বিদ্বেষ এবং ধর্মে ধর্মে লড়াই লাগাচ্ছে। আর এই রাজ্যে তৃণমূল কংগ্রেস নিজেরা কাজ না করে বিজেপির রাস্তা তৈরি করে দিচ্ছে। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে একের পর এক ফ্যাক্টরি বন্ধ হয়েছে এবং বেকারত্বের নিরিখে এই রাজ্য দেশে এক নম্বর আসন পেয়েছে বলেও রাহুল গান্ধী অভিযোগ করেন।
দুর্নীতির প্রসঙ্গে নরেন্দ্র মোদি ও মমতা ব্যানার্জিকে প্রায় এক আসনে বসিয়ে রাহুল অভিযোগ করেন,"এই রাজ্যে সারদা কেলেঙ্কারিতে ১৭ লাখ মানুষের ১৯ হাজার কোটি টাকা এবং রোজ ভ্যালি কেলেঙ্কারিতে ৩১ লাখ মানুষের ৬ হাজার ৬০০ কোটি টাকা ডুবে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের 'সিন্ডিকেট' এখন বাংলা চালায়। তৃণমূল নেতা এবং গুন্ডাদের সঙ্গে পরিচয় থাকলে সাধারণ মানুষের কাজ হয়। না হলে তাদের কোনও কাজ হবে না।"
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আক্রমণ করে রাহুল গান্ধী বলেন,"উনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে পাঁচ লাখ নতুন চাকরি দেবেন। অথচ এখন ৮৪ লাখ যুবক-যুবতী 'আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স' পাওয়ার জন্য ফর্ম পূরণ করেছেন।" এই রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, এসএসসি স্ক্যাম,আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃত্যুর প্রসঙ্গও রাহুল গান্ধীর বক্তৃতায় উঠে আসে। এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে কংগ্রেস কর্মীরাও তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থীরা জয়ী হলে যে ছয়টি প্রধান কাজ করা হবে- সেগুলো রাহুল গান্ধী তাঁর নির্বাচনী ভাষণে তুলে ধরেন। তিনি বলেন,"বিজেপি খুব ভালো করেই জানে তৃণমূল কংগ্রেস তাকে দেশের সর্বভারতীয় ক্ষেত্রে পরাজিত করতে পারবে না। যা একমাত্র কংগ্রেসই পারবে।" তাই বিচার ধারার এই লড়াইয়ে কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে বাংলায় 'বদলের' আহবান জানান রাহুল গান্ধী।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com