ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।
আজ রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল এবং ফরিদপুর বিভাগের সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
জানা গেছে, প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি অবদান বিবেচনায় নিয়ে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে। গত ১০, ১১ ও ১২ এপ্রিল মোট তিন দিন বিএনপি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে। ফরমের মূল্য ধরা হয় দুই হাজার টাকা। প্রত্যেক প্রার্থী ফরম জমার সময় আরও ৫০ হাজার টাকা জামানত হিসেবে জমা দেন। তিন দিনে প্রায় ১ হাজার ৩০০ টি ফরম বিক্রি হয়েছে। এর মধ্যে প্রায় ৯০০টি মনোনয়নপত্র জমা পড়ে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ হবে আগামী ১২ মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল এবং বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, যা নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৩০ এপ্রিল।
উল্লেখ্য, জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন রয়েছে ৫০টি। এর মধ্যে বিএনপি জোটের জন্য ৩৬টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com