ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই। আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার ছেলে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল জানান, শারীরিক নানা জটিলতার কারণে বেশ কিছুদিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন তার বাবা। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ১৯৭০ সালে সর্বপ্রথম তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার পর তিনি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে উল্লেখযোগ্য অবদান রাখেন মোশাররফ হোসেন।
ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল জানান, গুলশান আজাদ মসজিদে আজ বাদ আসর এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ মসজিদে ও বিকেল ৫টায় মিরসরাই মহাজনহাট স্কুল মাঠে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ব্রেকিং নিউজ, এই মুহূর্তের খবর, প্রতিদিনের সর্বশেষ খবর, লেটেস্ট নিউজ এবং গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshglobal.com