
বেতন বাড়ানোর দাবিতে ফের গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি জায়গায় অবরোধের চেষ্টা করেছেন শ্রমিকরা। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়। আজ রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের হ্যামস গার্মেন্টস, আমান কটন, ড্যানিমেক গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কারখানা ছুটি ঘোষণা করা হলে শ্রমিকরা লাঠি-সোঠা হাতে নিয়ে মিছিল সহকারে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় অবস্থান নেন। এ সময় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

পরে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবি সদস্যরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় শ্রমিকরা মহাসড়ক ছেড়ে মহাসড়কের পাশ দিয়ে মিছিল নিয়ে আনসার রোডের দিকে এগিয়ে যান। আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন শ্রমিকরা। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকেন তারা। পুলিশ তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিলে দুপুর ১২টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেয়ার চেষ্টা করেন। পরে তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে ছত্রভঙ্গ করে দেয়া হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। মহাসড়কে যান চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিল্প পুলিশ, এসআরবি, বিজিবি ও আনসারের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

