বিয়ের আয়োজন ঘিরে তোলপাড় কমলগঞ্জ, ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বরপক্ষের

সোহেল রানা
সোহেল রানা
Avatar photo
কমলগঞ্জ, মৌলভীবাজার
- কমলগঞ্জ, মৌলভীবাজার
3 Min Read

মৌলভীবাজারের কমলগঞ্জে বিয়ের আয়োজনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে চাঞ্চল্যকর বিরোধের সৃষ্টি হয়েছে। কনের বাড়িতে বিয়ের বিশাল আয়োজন করা হলেও বরপক্ষের দাবি, বিয়ের বিষয়টি বর আবাছ আলী নিজেই জানতেন না। এ ঘটনাকে কেন্দ্র করে কনেপক্ষের বিরুদ্ধে ২০ লাখ টাকা আত্মসাৎ, মিথ্যা অভিযোগ ও সামাজিকভাবে সম্মানহানির উদ্দেশ্যে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছে বরপক্ষ। তবে কনেপক্ষের দাবি, যৌতুকের টাকা না পেয়ে বর বিয়েতে উপস্থিত হননি। গত শুক্রবার (২০ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

- Advertisement -
desh bondhu adv alldesh bondhu adv all

বরপক্ষের দাবি, আদমপুর ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলী (৪০) এবং কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে খয়রুন বেগম (৩৫) প্রবাসে থাকাকালে প্রেমের সম্পর্কে জড়ান। সেই সম্পর্কের সূত্র ধরে তাঁদের মধ্যে বিয়ের সিদ্ধান্ত হয়। এ সময় বিভিন্ন প্রয়োজনে আবাছ আলী কনের মা জয়তুন বেগমের কাছে প্রাইম ব্যাংকের মাধ্যমে কয়েক কিস্তিতে টাকা পাঠান।

বরের ভাই ইয়াসিন মিয়ার অভিযোগ, বিভিন্ন সময় তাঁর ভাইয়ের কাছ থেকে কনেপক্ষ প্রায় ২০ লাখ টাকা নিয়েছে। ওই টাকা দিয়ে জমি ও গরু কেনা হয়েছে বলেও দাবি করেন তিনি। কিন্তু দীর্ঘদিনের এই অর্থ লেনদেনের হিসাব চাইতে গেলে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়।

ইয়াসিন মিয়ার দাবি, তাঁর ভাইয়ের সঙ্গে অর্থ লেনদেনের বিষয়টি নিষ্পত্তি না করেই কনেপক্ষ বিয়ের আয়োজন করে। অথচ বিয়ের বিষয়ে তাঁর ভাই আবাছ আলী অবগত ছিলেন না। তিনি আরও বলেন, যৌতুক হিসেবে কোনো টাকা নেওয়া হয়নি; বরং ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নেওয়া হয়েছিল।

বরের ভাইয়ের অভিযোগ, পাওনা টাকার হিসাব চাওয়ার পর থেকেই তাঁদের বিরুদ্ধে যৌতুক দাবি, প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে অপপ্রচার চালানো হচ্ছে। এতে তাঁদের পারিবারিক সম্মান ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। তাঁর দাবি, ২০ লাখ টাকার লেনদেনের বিষয়টি আড়াল করতেই তাঁদের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হচ্ছে।

অন্যদিকে, কনেপক্ষের অভিযোগ, বিয়ের আগে মোটর সাইকেল কেনার জন্য বরপক্ষকে দেড় লাখ টাকা দেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের দিন আরও দেড় লাখ টাকা দাবি করা হয়। সেই টাকা দিতে না পারায় বর বিয়েতে উপস্থিত হননি। বিয়ের আয়োজন ও অতিথিদের আপ্যায়নে প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে বলেও দাবি করেন কনে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ ও যৌতুক দাবির অভিযোগ এনে তিনি কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, বরপক্ষের আরও দাবি, কনের আগের বিয়ে এবং ১৫-১৬ বছর বয়সী সন্তানের বিষয়টি তাঁদের কাছে গোপন রাখা হয়েছিল। তবে এ অভিযোগের বিষয়ে কনেপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন জানান, বিয়ের বিষয়ে কেউ তাঁকে সরাসরি কিছু জানাননি। তবে সপ্তাহখানেক আগে বরপক্ষ টাকা লেনদেনের বিষয়টি তাঁকে জানিয়েছিল।

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়েছেন। সমাধান না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন