
পাবনায় শিশু শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) হত্যাকান্ডের বিচার দ্রুত সম্পন্ন করা, অপরাধীদের ফাঁসি এবং আসামিপক্ষের আইনজীবীকে মামলা থেকে সরে দাঁড়ানোর দাবিতে আদালত চত্বরের সামনের সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও নিহত শিশুর সহপাঠীরা। আজ রোববার (২২ নভেম্বর) নিহত শিশু শিক্ষার্থী কলির এলাকাবাসীর আয়োজনে বিক্ষোভ মিছিলটি পাবনা জেলা পরিষদের সামনে দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী বলেন, দীর্ঘদিন হয়ে গেলো শিশু কলি হত্যার আসামিদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু এখনো কোন বিচার করা হচ্ছে না। প্রশাসনের কাছে আমাদের দাবি, কলি হত্যার বিচার দ্রুত শেষ করে আসামিদের ফাঁসি দেওয়া হোক। এছাড়া তারা আদালতের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় মামলার আসামিপক্ষের আইনজীবী আকরাম হোসেনকে মামলা থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
এর আগে, এ হত্যার ঘটনায় নিহত কলির প্রতিবেশী ধর্ষক ও খুনি মোস্তফা প্রামাণিক এবং তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার আগে গ্রেপ্তারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে কলিকে ধর্ষণ করে। পরে তাকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেন তারা। গত ৯ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় কামরুন্নাহার কলি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। নিখোঁজের সাত দিন পর ১৬ সেপ্টেম্বর কুলুনিয়া গ্রামে কলিদের বাড়ির পাশের একটি ডোবা থেকে কলির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

